
নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস টেস্ট পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ৩য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার ও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আহম্মেদ।
বক্তারা বলেন, "অনুপস্থিতি নয়, নিয়মিত উপস্থিতিই হোক সাফল্যের অঙ্গীকার" এই চেতনায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও মেধার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।