
নড়াইল সদর উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশ এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ ও ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের উদ্যোগে এবং সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক এবং জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী উদ্যোগকে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
একই কর্মসূচির আওতায় জেলার লোহাগড়া ও কালিয়া উপজেলাতেও শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।