
নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রহ্যাহার করে নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই সাথে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর নড়াইল শহরে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। খুশিতে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ করেছে নেতৃবৃন্দ।
প্রত্যাহারের ওই চিঠিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়। তাঁর আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপূর্বক তাঁকে দলীয় স্বপদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চিঠির অনুলিপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু ও নড়াইল জেলা বিএনপির সভাপতিকে দেওয়া হয়েছে।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মনিরুল ইসলাম। তিনি দলের চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। মনিরুল ইসলাম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর বিকালে নড়াইল শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইল চৌরাস্তায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে শেষ হয়। এসময় পথসভায় বক্তারা বলেন, মনিরুল ইসলামকে বহিষ্কারের পর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে পড়েছিলো। দলীয় কর্মকান্ডে স্থবিরতা বিরাজ করছিলো।
স্বপদে বহাল হওয়ায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নেতৃত্বে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলিতে বিএনপির মনোনীত প্রার্থীদের আমরা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে আনতে পারবো।
উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে মনিরুল ইসলামকে প্রথমে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হয়। এরপর তাঁর মনোনয়নপত্র বাতিল করে এনপিপি থেকে বিএনপিতে যোগদানকারী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয়া হয়। এই নির্বাচনে মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিলো।