
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি লিয়াকত হোসেনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার লিয়াকত হোসেন। আলোচনা সভায় বক্তব্য দেন পাখিমারার বিশিষ্ট ব্যবসায়ী কালাম সর্দার, কচুয়াডাঙ্গার নওশের খা এবং বল্লাহাটির সমাজসেবক আদিল মোল্লা।
বক্তারা তাঁদের বক্তব্যে পহরডাঙ্গা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব, জনসম্পৃক্ততা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন।
সভাপতির বক্তব্যে মাষ্টার লিয়াকত হোসেন এলাকার মানুষের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং পহরডাঙ্গা ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি লিয়াকত হোসেন বলেন, আমি আপনাদের খাদেম হয়ে পহরডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ চাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে থেকে এলাকার সমস্যা চিহ্নিত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশাও ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি, এলাকার শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।