
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীসহ শতাধিক মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বড়দিয়া বাজার বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খান রবিউল ইসলামের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় যোগদানকারীরা বিএনপির আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
সাবেক ছাত্রনেতা সবুজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী। এতে প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খান বিকুল আলম, বিএনপি নেতা মামুন খান, নড়াগাতী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আবু সুফিয়ানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রত্যয় থেকেই এসব মানুষ দলে যোগ দিয়েছেন। এ সময় অন্য কোনো রাজনৈতিক দলের পদ-পদবিতে থাকা ব্যক্তিদের নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির দলীয় ফরম পূরণের আহ্বান জানানো হয়।
পরে যোগদানকারীরা উপস্থিত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, বর্তমানে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের সুযোগ না থাকলেও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।