
কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে তিনি কোদাল দিয়ে মাটি কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। পরে খালপাড়ে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪৮ বছর আগে ১৯৭৯ সালের নভেম্বর মাসে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একই স্থানে কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। সেই স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে অতীতের সেই উদ্যোগকে নতুন করে সামনে আনা হয়েছে। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে একদিনের সফরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পর তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে যান। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন এবং পার্ক পরিদর্শনের কথা রয়েছে।
পরে তিনি পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ায় গিয়ে ২০২৪ সালের জুলাই আন্দোলনে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরের পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ। এছাড়া জোহরের নামাজ আদায়ের পর পেকুয়ার সাঈদ ম্যানশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর কক্সবাজার সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত ৮টায় কক্সবাজারের লং বিচ হোটেল অডিটোরিয়ামে জেলার বিশিষ্ট নাগরিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে রাত ৯টায় তিনি সপরিবারে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।