
পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পাহাড়ি এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস প্রতিরোধ ও জলাধার সংরক্ষণে সরকার বিশেষভাবে কাজ করছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছেন। দুর্গম পাহাড়ি এলাকায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি জরুরি। পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বৈঠকে ইউএনডিপির প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে। তারা জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় টেকসই কৃষি, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হচ্ছে। এ ছাড়া পাড়া উন্নয়ন কমিটি (পিডিসি) গঠনের মাধ্যমে স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সম্পৃক্ত করা হচ্ছে।
প্রতিনিধিদল আরও জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ভূমিধস প্রতিরোধ ও জলাধার সংরক্ষণে কমিউনিটিভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করছে ইউএনডিপি। পাশাপাশি পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ বাড়ানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও কাজ করছে সংস্থাটি।
আলোচনায় প্রতিমন্ত্রী বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা, পর্যটনশিল্পের আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও নারীর ক্ষমতায়নে ইউএনডিপির দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত ও আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে ইউএনডিপির বাংলাদেশ কার্যালয়ের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামান, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার ইয়্যুগেস প্রধানাং এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।