
পবিত্র ঈদুল আজহার পর দেশের বাজারে দ্বিতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং শনিবার বাজুস জানিয়েছে, নতুন কোনো পরিবর্তন না আসায় সোমবারও একই দামে স্বর্ণ বিক্রি হবে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২ জুন ঈদের পর প্রথম দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। সর্বশেষ এই মূল্য সমন্বয়ের ফলে এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।