
বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, বগুড়ার সাতটি সংসদীয় আসনে সমানভাবে এ প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সুনাম ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা যাবে না। জেলার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন। এ সফরে তিনি করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন। বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। জেলার উন্নয়ন ঘাটতি পূরণে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বগুড়ার মানুষকে প্রধানমন্ত্রী হৃদয়ে ধারণ করেন।
উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ধৈর্য খুব কম, অনেক সময় আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। একসময় উন্নয়নই বগুড়ার মানুষকে খুঁজে নেবে। তিনি বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় বগুড়া একটি অনন্য অবস্থান তৈরি করেছে। এ জেলা সাংবাদিকতার ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বগুড়ার করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক বগুড়ার প্রকাশক রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দৈনিক বগুড়া আজও মাথা উঁচু করে প্রকাশনা অব্যাহত রেখেছে। বগুড়ার উন্নয়নে ঐকমত্যের কোনো বিকল্প নেই। সামান্য বিষয় নিয়ে বিভক্ত হয়ে নিজেরাই জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করছি। এ অবস্থা থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসানাত আলী, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক কালাম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।