
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১০৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলা স্টেডিয়ামের সামনে পুকুরপাড়সংলগ্ন পাকা সড়ক থেকে এক পিস ইয়াবাসহ মো. মিলন শিকদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মঞ্জুরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার মিলন শিকদারের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বরগুনা সদর থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গগন শিশু সদনের বিপরীত পাশে জনৈক লিটনের টিনশেড ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
অভিযানে মিলন শিকদারের ভাড়া বাসার সামনের কক্ষের বিছানার তোষকের ভেতর থেকে আরও ১০৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মিলন শিকদারের স্ত্রী ছনিয়া এবং মো. মনির হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মিলন শিকদার, পিতা মৃত দুলাল শিকদার, মাতা জরিনা বেগম, বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা; তার স্ত্রী ছনিয়া এবং মনির হাওলাদার, পিতা আলী একাব্বর হাওলাদার, সাং-৪ নম্বর ওয়ার্ড, জাকিরতবক, বরগুনা। উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১০৯ পিস।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।