
গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচিকে সফল করতে যশোরের বসুন্দিয়ায় ব্যাপক প্রস্তুতি, পথসভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা থেকে বসুন্দিয়া মোড় এলাকায় জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জোটের আমীর ও কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান।
লংমার্চের পথসভায় নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমাগম ঘটে। এ সময় বক্তব্য দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলামসহ জোটের গুরুত্বপূর্ণ নেতারা।
বক্তারা দেশের চলমান সংকট, গ্যাস ও তেলের দাম বৃদ্ধি, জনজীবনে এর প্রভাব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে বক্তব্য দেন। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকদের দাবি, বসুন্দিয়া ও বাঘারপাড়া অঞ্চল থেকে আনুমানিক ২০ হাজার নেতাকর্মী লংমার্চের বিভিন্ন পয়েন্টে আয়োজিত সমাবেশ ও পথসভায় অংশ নেন। তবে এ উপস্থিতির সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বসুন্দিয়া মোড় চত্বরে ১১ দলীয় ঐক্যের পথসভায় সভাপতিত্ব করেন মাওলানা রফিকুল ইসলাম খান। সভা পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ইউসুফ মোল্লা। এ সময় বাঘারপাড়া ও বসুন্দিয়া অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লংমার্চকে ঘিরে বসুন্দিয়া ও আশপাশের এলাকায় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে দুপুর থেকেই বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
আয়োজকরা জানান, ১১ দলীয় জোটের ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানাতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বসুন্দিয়া এলাকায় সংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত হয়।