
বাংলাদেশের সাধারণ পাসপোর্টে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে তাদের ছবি এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্থান পাবে। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি যুক্ত করা হচ্ছে। নতুন নকশার অংশ হিসেবে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শনও পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় স্থান পেয়েছে।
এর মধ্যে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জলছাপ হিসেবে যুক্ত করা হবে। এর মাধ্যমে ওই আন্দোলনে আত্মত্যাগকারী তরুণদের স্মৃতি বাংলাদেশের আন্তর্জাতিক ভ্রমণ নথিতেও প্রতিফলিত হবে।
নতুন নকশায় জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানাম নগর এবং কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনার ছবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া দেশের প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরতে কক্সবাজার সমুদ্রসৈকত ও ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে। জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম **‘সংগ্রাম’**ও নতুন নকশায় স্থান পেয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে। সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।