
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান নির্বাহী পরিচালক আনিছুর রহমান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব দিয়েছে।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী মো. আনিছুর রহমানকে তার বর্তমান পদ নির্বাহী পরিচালক থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী তিন বছর তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে এ নিয়োগসংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।