
যশোরের উন্নয়নের রূপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায় স্মরণসভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় বাগআঁচড়া হাইস্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি। স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত হাজারো নেতাকর্মীর মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে কুদ্দুস আলী বিশ্বাস বলেন, “প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম ছিলেন একজন কালজয়ী জননেতা। তাঁর শূন্যতা আজও আমাদের বুকে হাহাকার সৃষ্টি করে। তাঁর মতো নেতা শুধু দক্ষিণাঞ্চলেই নয়, গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যশোরের উন্নয়নের প্রতিটি অধ্যায়ে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর হাত ধরেই যশোরের উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে উঠেছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই জননেতাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুনায়েম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্যসচিব সেলিম হোসেন আশা।
এ ছাড়া বাগআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, তরিকুল ইসলাম কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি ছিলেন যশোরের মানুষের আশা-ভরসা ও উন্নয়নের এক অবিস্মরণীয় নাম। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে দীর্ঘদিন মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে। তাঁর মৃত্যুবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীরা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বর্ষীয়ান জননেতাকে।