
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রকৌশলী টিএস আইয়ুবপন্থী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মানিক এবং বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম সৌদি, সহসভাপতি আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের, সদস্য গোলাম মোস্তফা শিকদার, বাঘারপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সৌখিন আহমেদ এবং যুবনেতা শাহিনুর রহমান শাহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশটি পরিচালনা করেন বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ ও সদস্যসচিব বাবুল হোসেন।
সমাবেশে বক্তারা সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।