
‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় গ্রাম আদালত বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার বিষয় ছিল, ‘উপজেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যশোরের উপপরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, এখতিয়ার, আবেদন পদ্ধতি, আদালত গঠনের নিয়ম, বিরোধ নিষ্পত্তির ধরন এবং জরিমানা আরোপের বিধানসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া গ্রাম আদালত কীভাবে গ্রামের সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ী বিচারপ্রাপ্তির সুযোগ সৃষ্টি করে সে বিষয়েও আলোকপাত করেন বক্তারা।
আয়োজকরা ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের গ্রাম আদালত সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেন। একইসঙ্গে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরা হয়।
উন্মুক্ত আলোচনায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন অংশীজনের সহযোগিতা ও সম্পৃক্ততা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জমাকৃত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় এনজিও প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।