
যশোরের বাঘারপাড়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে উপজেলা টেপ টেনিস প্রিমিয়ার লীগ-২০২৬। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত ৮ দলীয় এই টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়িয়া স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রশিদ মোল্যা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিন অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাবার হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুবদল নেতা তুহিন রানা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহেব আলী।
এ ছাড়া অনুষ্ঠানে রাসেল, সাহেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুলতান মাহমুদ।
আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।