
যশোরের বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে বাঘারপাড়া থানা পুলিশের একটি দল রামকান্তপুর গ্রামে অধ্যক্ষ আজগর আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিবারকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম। তিনি জানান, সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আজগর আলীকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে, বাঘারপাড়ার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার পাশাপাশি নানা ধরনের কৌতূহল দেখা দিয়েছে। অনেকেই আটকের কারণ জানতে আগ্রহ প্রকাশ করেছেন। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।