
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতায় বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির বেদখল থাকা ২৫ শতাংশ জমি পুনরুদ্ধার করেছেন সোসাইটির সদস্যরা।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বারোবাজার ইউনিয়ন মাল্টিপারপাস সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ডা. মো. ইউনুস আলী এবং সাধারণ সম্পাদক ছিলেন ডা. সৈয়দ আব্দুল মান্নান। তাদের মৃত্যুর পর সোসাইটির জমি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।
সোসাইটির সদস্যদের অভিযোগ, ২০১০ সালে ঋণের বিষয় দেখিয়ে তৎকালীন সভাপতি আজাহার (ঘটক) ও সাধারণ সম্পাদক হাসান হাবীবের কারসাজিতে সোসাইটির জমিটি হাসান হাবীবের স্ত্রী নাজমা বেগমের নামে বিক্রি দেখানো হয়। এ ঘটনায় সদস্যরা ঝিনাইদহ আদালতে দেওয়ানি মামলা করেন। মামলাটির নম্বর ১২৫/২৪। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।
সোসাইটির সভাপতি বলেন, জমিটি সোসাইটির সম্পত্তি। সদস্যরা ঐক্যবদ্ধভাবে জমিটি পুনরুদ্ধার করেছেন। যেহেতু বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান, তাই আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান চান তারা।