
পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮টি স্বর্ণের বারসহ একজনকে আটকের ঘটনায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ খুলনা রেঞ্জের ডিআইজির বিশেষ পুরস্কার পেয়েছেন যশোরের শার্শা থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই)।
পুরস্কারপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন শার্শা থানার এএসআই (নিঃ) লাভলু মিয়া ও এএসআই (নিঃ) ফারুক হোসাইন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৬ সকাল ১০টার দিকে শার্শা থানার খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এএসআই লাভলু মিয়া ও এএসআই ফারুক হোসাইন। এ সময় দক্ষিণ বুরুজবাগান গ্রামে ‘প্রাইম ব্রিকস’ নামের ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়কের ওপর থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মোঃ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানটি সফলভাবে পরিচালনা করে পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম দুই পুলিশ কর্মকর্তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমের পক্ষে পুরস্কার হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের প্রতি উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।