
যশোরের বেনাপোলে ঐতিহ্যবাহী হাকর নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা এবং হারানো নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় বেনাপোল পৌর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান উদ্যোগী হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বেনাপোল ক্রীড়া একাডেমি, মোটরসাইকেল চালকদের সংগঠন ‘বাইকার হুড’ এবং বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।
এ সময় ইমদাদুল হক ইমদাদ বলেন, হাকর নদী বেনাপোলবাসীর ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিনের দখল ও দূষণে নদীটি আজ মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। এই নদীকে বাঁচাতে এখনই সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বেনাপোলের পরিবেশ ও নদী রক্ষায় আমার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। একই সঙ্গে নদীতে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন এবং নদী রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। তাঁরা হাকর নদীর ঐতিহ্য ফিরিয়ে আনতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, অবৈধ দখল উচ্ছেদ এবং দূষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের মতে, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে হাকর নদীকে দখল-দূষণমুক্ত করে তার স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব।