
যশোরের বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুকের বাসার পাশে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ি আশ্রমসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্থানীয়দের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা। ঘটনার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনার প্রতিবাদে রাত দেড়টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম। মিছিলে অংশ নেন পৌর যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, যুগ্ম আহ্বায়ক রিপন ও রবিউল, কৃষক দলের নেতা জসিম, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক বলেন, ককটেল বিস্ফোরণ করে আমাকে দাবিয়ে রাখা যাবে না। আমি বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ১৭ বছর রাজপথে ছিলাম। এই রাজপথই আমার ঠিকানা। কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি।
তিনি আরও বলেন, ভয়ভীতি কিংবা হামলার মাধ্যমে তাঁর রাজনৈতিক অবস্থান থেকে সরানো সম্ভব নয়। অন্যায়ের বিরুদ্ধে রাজপথে তাঁর অবস্থান অব্যাহত থাকবে।
মধ্যরাতে এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করতে হবে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।