
‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’— এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন বন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন। এ সময় বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন, সহকারী পরিচালক কাজী রতনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা বন্দর দিবস উপলক্ষে নির্ধারিত হলুদ রঙের টি-শার্ট পরিধান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। এর মাধ্যমে বন্দরের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বন্দর সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে বেনাপোল বন্দর এলাকায় এক সপ্তাহব্যাপী প্রায় ৫০০টি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধু বৃক্ষরোপণই নয়, রোপণকৃত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করবে বন্দর কর্তৃপক্ষ। কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।