
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘স্ট্রংগার টুগেদার ফর অ্যা হেলদিয়ার টুমরো’।
চীফ হুইপ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দক্ষ, সুস্থ ও স্বাবলম্বী মানবসম্পদে পরিণত করতে কাজ করছেন। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাই নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ব্রেস্ট ক্যানসার ও সার্ভাইক্যাল ক্যানসার নারীদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি। নারী শিক্ষার্থী ও তরুণীদের প্রজনন স্বাস্থ্য, রোগের লক্ষণ এবং প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিষয়ক সামাজিক ট্যাবু ও সংকোচ দূর করে নারীদের চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতে হবে।
সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে এসব রোগ সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন চীফ হুইপ। তিনি বলেন, বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা পাওয়া গেলে তা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা গ্রহণের বিষয়ে নারীদের উৎসাহিত করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করে সহজবোধ্য ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য প্রচারের আহ্বান জানিয়ে চীফ হুইপ বলেন, একজন মা সুস্থ থাকলে পরিবার ও সমাজ সুস্থ থাকে। তাই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নারী এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠা নারীদের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন। বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় ব্রেস্ট ক্যানসারের লক্ষণ, রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা ও রোগীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন ট্যালেন্ট শার্পনারের ব্যবস্থাপনা পরিচালক সায়িকা হক।