
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের নামে প্রস্তাবিত ৩০০ কোটি টাকার ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ প্রকল্প নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ভবদহের জলাবদ্ধতা নিরসনের সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন এলাকাকে প্রকল্পের আওতায় যুক্ত করা হয়েছে। সেচনির্ভর এই প্রকল্প বাস্তবায়ন করা হলে জলাবদ্ধতা নিরসনের পরিবর্তে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
এ বিষয়ে পানিসম্পদমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে পৃথক আবেদন দিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটসহ বিভিন্ন সংগঠনের নেতারা। যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো আবেদনে তাঁরা প্রস্তাবিত প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দিয়ে জলাবদ্ধতা নিরসনে পৃথক, সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার মূল কারণ নদী-খাল পলি জমে ভরাট হয়ে যাওয়া। মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী ও গ্যাংরাইল নদী হয়ে মোহনা পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার নদীপথের বিভিন্ন অংশ ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার হচ্ছে। নদী-খাল সচল না করে শুধু সেচযন্ত্রের মাধ্যমে পানি নিষ্কাশন করে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে দাবি তাঁদের।
আন্দোলনকারীরা জানান, ২০২০ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক সেচযন্ত্র ব্যবহার করে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করছে। ২০২১ সাল পর্যন্ত এ কার্যক্রমে ব্যয় হয়েছে ১ কোটি ৬১ লাখ টাকা। পরবর্তী সময়ে ব্যয় আরও বাড়লেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। তাঁদের অভিযোগ, সেচনির্ভর এই উদ্যোগে সরকারি অর্থ ব্যয় হলেও মানুষের দুর্ভোগ কমেনি। একইভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল কপালিয়ায় তিন ভেন্টের সেচপাম্প চালু করেও সফলতা পায়নি।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেটের ওপর ১৪টি এবং ৯ ভেন্ট স্লুইসগেটের ওপর ছয়টি বৈদ্যুতিক সেচযন্ত্র স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে স্লুইসগেটের এক পাশের নদী থেকে পানি তুলে পাইপের মাধ্যমে অন্য পাশে ফেলা হচ্ছে। কিন্তু নদীর নাব্যতা ও পানি প্রবাহের স্বাভাবিক ব্যবস্থা পুনরুদ্ধার না হলে এ পদ্ধতিতে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে না।
আন্দোলনকারীদের মতে, বর্তমানে চলমান নদী খনন এবং ভবদহের ২১ ও ৯ ভেন্ট স্লুইসগেটের কপাট সচল করার ফলে পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হয়েছে। এর সঙ্গে পর্যায়ক্রমে বিভিন্ন বিলে জোয়ার-আধার বা টিআরএম পদ্ধতি চালু করা গেলে জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।
তাঁরা উদাহরণ হিসেবে ১৯৯০ সালে বিল ডাকাতিয়া, ১৯৯৭ সালে জনগণের উদ্যোগে বিল ভায়না, ২০০০ সালে বিল কেদারিয়া এবং ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম কার্যক্রমের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে ২০০৬ সালে বিল খুকশিয়ায় টিআরএম বাস্তবায়নে তৎকালীন জননেতা তরিকুল ইসলামের ভূমিকার কথা তাঁরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আবেদনে গত ১৬ মে ২০২৬ যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় কর্মশালার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য এবং জলাবদ্ধতাকবলিত এলাকার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই কর্মশালায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল বলে উল্লেখ করেন তাঁরা। পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ করা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) সেপ্টেম্বর মাসে চূড়ান্ত প্রস্তাবনা জমা দিয়েছে বলেও আবেদনে জানানো হয়েছে।
আন্দোলনকারীদের আশঙ্কা, প্রস্তাবিত সেচ প্রকল্প বাস্তবায়িত হলে ভবদহসহ বৃহত্তর এলাকার জলাবদ্ধতা আরও বিস্তৃত হতে পারে, এমনকি যশোর সেনানিবাস পর্যন্ত এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাঁদের দাবি, প্রকল্পে ভবদহের বাস্তব পরিস্থিতি ও ফসল উৎপাদনের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আবেদনে তাই প্রস্তাবিত ৩০০ কোটি টাকার প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেওয়া, জলাবদ্ধতা নিরসনে পৃথক পরিকল্পনা গ্রহণ এবং ১৬ মে জাতীয় কর্মশালায় গৃহীত টিআরএমসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, উত্তরণের কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব মো. আব্দুল লতিফসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।