
‘সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন, দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বহির্বিভাগ চত্বরে সর্পদংশনে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অনুপ বসুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সর্পদংশন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. নাহিদ হাসান, ডা. মো. ইয়াসির আরাফাত, ডা. সজীব কুন্ডুসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সংশ্লিষ্টরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল বলেন, সাপে দংশন করলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হবে। সব সাপ বিষধর নয়। গোখরা, কমন ক্রেট (কালাচ) ও চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) ছাড়া বেশিরভাগ সাপই নির্বিষ।
তিনি আরও বলেন, সাপে দংশনের পর কবিরাজের ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে আসতে হবে। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম মজুদ রয়েছে বলেও জানান তিনি।