
জনস্বার্থে মণিরামপুর বাজারের যানজট নিরসন ও অবৈধ দখলদার উচ্ছেদে একবেলা ঝঠিকা অভিযান পরিচালনা করেছে মণিরামপুর উপজেলা ও থানা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের নেতৃত্বে উপজেলা সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন ও মণিরামপুর থানা পুলিশের প্রতিনিধি এস আই মনির হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যেদের সমন্বয়ে সোমবার (২৮শে সেপ্টেঃ) দুপুর হতে বিকাল পর্যন্ত পরিচালিত ঐ অভিযানে প্রধান সড়ক, রাজগঞ্জ মোড়ের ব্রিজ, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় মণিরামপুর বাজারের প্রধান সড়কে ব্যাটারি চালিত ভ্যান,ইজিবাইক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী কর্মকর্তা। কয়েকটি ভ্যান ও বাইক জব্দ করে পৌরসভার চত্বরে নিয়ে মুসলেকার পর ছেড়ে দেওয়া হয়।
যানজট এড়াতে পৌর শহরের উপজেলা গেট, রাজগঞ্জ মোড়ের ব্রিজ,গরুহাট মোড়, দোলখোলা মোড় ও দূর্গাপুর মোড় হতে বাজারের ভেতরে তিন চাকার কোন ধরনের বাহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।
অভিযান চলাকালে দক্ষিনমাথা বাসস্টান্ডের ফুটপাত উন্মুক্ত, রাজগঞ্জ মোড়ের ব্রিজ সংলগ্ন কয়েকটি দোকান উচ্ছেদ, ফলবাজার, কাঁচাবাজার গলিতে যত্রতত্র স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় বাজারের ভেতর জনৈক ব্যবসায়ী প্রকাশ কুন্ডুকে বিগত ২টি অভিযানে নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট ভূমি আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মণিরামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।