
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৭৫ বোতল উইনকেরিক্স ও ৩৬ বোতল ফেয়ারডিলসহ মোট ২১১ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। তবে অভিযানের সময় বাড়ির মালিক ও তাঁর ছেলে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে মহেশপুর থানার সৈয়দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর গ্রামের মো. হারুন অর রশিদের বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় বাড়ি থেকে ১৭৫ বোতল উইনকেরিক্স ও ৩৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন অর রশিদ (৫৭) ও তাঁর ছেলে রুবেল হোসেন (৩৭) পালিয়ে যান। তাঁরা ওই গ্রামের বাসিন্দা।
এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক বাবা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।