
মাগুরা জেলার পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ এর আওতায় শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার (৯ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। শিক্ষার্থীদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং জাতির জন্যও গৌরবের বিষয়। তিনি নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখার সদস্যবৃন্দ, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও শুভেচ্ছা ক্রেস্ট বিতরণ করা হয়।