
মাগুরার শ্রীপুরে আমিরুল মোল্যা (৫৫) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। রোববার (২৩ আগস্ট) রাত ৩টার দিকে ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার সভাসদডাঙ্গা গ্রামের ফরিদ বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস (২০) ও মিরাজুল ইসলাম মিরাজ বিশ্বাস (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমিরুল মোল্যার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে আমিরুল ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় পরদিন আমিরুলের ভাই আবুল মোল্যা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। পরে ঢাকার শ্যামলীর ন্যাশনাল কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই আমিরুল মোল্যার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করা হয়।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা’র নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে সিসিআইসি। সিসিআইসি মাগুরার এসআই অজয় দাসের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।