
খেলাধুলার মানোন্নয়ন এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্প্রীতি জোরদারের লক্ষ্যে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (২৫ জুলাই) বিকেলে শত্রুজিতপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচে জেলা পুলিশ ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়েছে শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা। প্রথমার্ধের ২৪তম মিনিটে শত্রুজিতপুর ইউনিয়ন দলের হয়ে প্রথম গোল করেন মিরাজ। এরপর ৩১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন তিনি।
দুই গোল পিছিয়ে পড়ার পর আক্রমণের তীব্রতা বাড়ায় মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ। একপর্যায়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে ব্যবধান কমায় পুলিশ দল। তবে দ্বিতীয়ার্ধে উভয় দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল না হওয়ায় নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জোড়া গোল করা শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল দলের মিরাজ।
আয়োজকরা জানান, জেলার চার উপজেলায় পুলিশের সঙ্গে জনগণের সম্প্রীতি বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে দ্বন্দ্ব-সংঘাত নিরসন এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন অব্যাহত থাকবে বলে তারা জানান।