
বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে মোংলা থানার দিগরাজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬, সদর কোম্পানির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল দিগরাজ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় গোপাল সরকারকে আটক করে তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী গ্রামের শ্যাম সরকারের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোপাল সরকারের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। পরে উদ্ধার করা মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।