
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত কর্মচারী বদিউজ্জামান বাদলকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আমবটতলা বাজার এলাকায় বদিউজ্জামান বাদল, আরশাদ আলীসহ কয়েকজন আওয়ামী লীগের পক্ষে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় বাদলকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির এএসআই নিয়ামুল ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানের সময় বদিউজ্জামান বাদলকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশের একটি বিশেষ টিম এ বিষয়ে কাজ করছে। আটক বাদলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”