
যশোর শহরের বড় বাজার ফেন্সি মার্কেটে অগ্নিকাণ্ডে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতা-বর্ষির তিনটি দোকান পুড়ে গেছে। রোববার (৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ব্যবসায়ীরা আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কেটের একটি কসমেটিকসের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে কসমেটিকস ব্যবসায়ী শামীম হোসেন, সিটি গোল্ডের মালিক পারভেজ শেখ এবং সুতা-বর্ষির ব্যবসায়ী রাশেদুল ইসলামের দোকানসহ ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, "ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারত।"
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।
এদিকে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, "অগ্নিকাণ্ডের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার অন্যান্য বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।"