
যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ২২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার নয়টি থানা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় যশোর জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে জেলার নয়টি থানার পাশাপাশি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অংশ নেন। অভিযানের বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের মোট ২২ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে আটক করেন। আটককৃতরা হলেন, নজরুল ইসলাম (৪১), আরিফুল ইসলাম (৩০), রাসেল হোসেন (৩০), লোকমান (৫৫), রাজন (৪৮), শামীম (৩৪), জুলহাস ও কামরুজ্জামান। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) বদরুজ্জামান মোল্লা।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বদরুজ্জামান মোল্লা জানান, গত ২৪ ঘন্টায় নাশকতা মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ ৮জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে যশোর জেলা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।