
যশোরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ইসলামিক ফাউন্ডেশন, যশোরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন শুধু অর্থ উপার্জনের মাধ্যম না হয়। বরং মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে। একই সঙ্গে তাদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।