
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে শহরের ঈদগাহ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী।
সমাবেশে বক্তারা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।