
যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে টার্মিনালসংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন যশোরের মনিরামপুরের মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) এবং নড়াইলের চঞ্চল (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। পরে আহত চারজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, চারজনের অবস্থাই বর্তমানে আশঙ্কামুক্ত।