
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সকাল ৮টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালী মডেল থানার বাহাদুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নয়ন হোসেন (২৩)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাহাদুরপুর এলাকার আজিজুর রহমানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
একই দিন সকাল ৯টা ১০ মিনিটে কোতোয়ালী মডেল থানার পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রেজাউল ইসলাম (৪০)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মকছেদ আলীর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।