
যশোরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও চোরাচালানি মালামালসহ চারজনকে আটক করেছে বিজিবি ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) যশোর সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (২৮) ও আব্দুল আজিজ (৪৫) নামে দুজনকে আটক করে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ১৫টি ইয়াবা, ৪ কেজি গাঁজা, ৭৯টি শাড়ি, দুটি কম্বল, ৩ দশমিক ৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিকস সামগ্রী, একটি মোবাইল ফোন ও ৬৪০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের বেনাপোল পোর্ট ও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, রোববার (১৬ আগস্ট) রাতে যশোর শহরের কোতোয়ালি মডেল থানার ষষ্ঠীতলা-মুজিব সড়ক রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান ওরফে রনি (৩৮) ও রুবেল হোসেন ওরফে রিবন মাহামুদ রুবেল (৪০)। তাঁদের কাছ থেকে যথাক্রমে ৪০ ও ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।