
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ, হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন একটি পরিবারের সদস্যরা। সোমবার (২৯ জুন) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সুজন কুমার শিকদার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজ বসতভিটায় নিরাপদে বসবাসের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বাবা সুবল শিকদার মৌখিক এওয়াজ বদলের মাধ্যমে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। সম্প্রতি প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সেখানে চার কক্ষবিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করা হয়। তবে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি ওই জমি কিনতে ব্যর্থ হয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হন বলে অভিযোগ করেন তিনি। এ কাজে শহিদুল ইসলাম, মিঠু, বিল্লালসহ আরও কয়েকজন তাকে সহযোগিতা করছেন বলেও দাবি করেন।
সুজন কুমার শিকদারের অভিযোগ, গত ২২ এপ্রিল এবং সর্বশেষ ২২ জুন একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দাদেরও ভয়ভীতি দেখানো হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গত ২২ জুন থেকে বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সুজন কুমার শিকদার প্রশাসনের প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের নিজ বসতভিটায় নিরাপদে ফিরে বসবাসের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে সুজন কুমারের বাবা সুবল শিকদার, মা ইছামতি শিকদার এবং স্ত্রী সুস্মিতা শিকদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।