
যশোর শহরের রাজারহাট এলাকায় একটি ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার রাজারহাট ট্রেনিং মাঠ এলাকায় অবস্থিত একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিব (২৫) যশোর সদর উপজেলার রামনগর এলাকার জাবেদের ছেলে। তিনি ওই ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাকিবকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।