
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অন্যায়, অত্যাচার, অসত্য, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে আজীবন কলম ধরেছিলেন। মানুষের মুক্তি ও কল্যাণে লিখেছেন কবিতা ও গান। অবিচার ও শোষণের বিরুদ্ধে তাঁর অমিত প্রতিবাদী চেতনা এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি তাঁকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তাঁর সাহিত্যকর্ম মানুষের চলার সঠিক পথের নির্দেশনা দেয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে যশোরে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত নজরুল উৎসবের কবি-সাহিত্যিক ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভা এবং থিম উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে নজরুল উৎসবের থিম উন্মোচন করেন কবি ও কথাসাহিত্যিক মাসুদ আলম বাবুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম এবং কথাসাহিত্যিক ও গবেষক প্রফেসর ড. সবুজ শামীম আহসান।
বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোলাম মোস্তফা মুন্না।
এ সময় বক্তব্য দেন ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহনাজ পারভীন, সুরাইয়া শরীফ, এডিএম রতন, রাশিদা আখতার লিলি, বকুল হক, আমির হোসেন মিলন এবং চৌগাছা সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা কবি আবু রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, ভদ্রাবতী বিশ্বাস, মো. মনিরুজ্জামান, ডা. আবুল কালাম আজাদ, সৈয়দ ইমদাদ হোসেন, গোলাম মোস্তফা, সঞ্জয় নন্দী, নাসির উদ্দিন, অরুণ বর্মন, সানজিদা ফেরদৌস ও শরীফ হোসেন ধীমানসহ কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।