
যশোরে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ধনী-গরিব নির্বিশেষে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে। তিনি বলেন, সমাজের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আয়োজক প্রতিষ্ঠান ইকো জানায়, দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
ক্যাম্পে দেড় শতাধিক নারী ও পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ছানি রোগে আক্রান্ত ৩৫ জনকে অপারেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।