
যশোরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সম্ভাব্য অপরাধ ও নাশকতা প্রতিরোধ এবং ব্যাংকগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যশোর জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের থানা ও জেলা পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে পুলিশ এবং ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি। ব্যাংকে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানাতে হবে।
এ সময় তিনি ব্যাংক কর্তৃপক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও কোতোয়ালি থানা এলাকাধীন বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।