
যশোর শহরের পালবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে কাজী পরিবহনে অভিযান চালিয়ে ১৯৭ বোতল অবৈধ সিরাপ উদ্ধার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্প। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পালবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাহাজানপুর গ্রামের ওসমান গনি (৪৯), একই উপজেলার পুলিয়া গ্রামের আব্দুল মান্নান (৬২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভুলবাকুটিয়া গ্রামের শফিকুল (৪০)।
র্যাব জানায়, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বীর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় সাতক্ষীরা থেকে পাবনাগামী কাজী পরিবহনের একটি বাস দেখে সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসে থাকা ওই তিন ব্যক্তির কাছ থেকে ৯৭ বোতল উইনকোরেক্স ও ১০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপগুলো অবৈধ পথে ভারত থেকে যশোর হয়ে দেশের অন্যত্র নেওয়া হচ্ছিল।
এ ঘটনায় রাতেই মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার পর আটক তিনজনকে আজ শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।