
যশোরে কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ এবং মানসিক প্রফুল্লতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে পিপলস পালস এসোসিয়েশন (পিপিএ) ও ইয়াভ ফাউন্ডেশন। সম্প্রতি যশোর ইন্সটিটিউট প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াভ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. ফেরদৌস হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা শিরীন সুলতানা। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের সুস্থ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন পিপলস পালস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবির হাওলাদার, সংগঠনের সদস্য রাহুল ইসলাম, জিহাদ, কাব্য সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীরা গান ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। তাদের পরিবেশনায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা মুগ্ধ হন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিশুদের সৃজনশীলতা, মননশীলতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেম গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে।
আয়োজকরা জানান, শিশুদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারাও এ উদ্যোগের প্রশংসা করে এমন আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।