
ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসের মাধ্যমে শিশুদের সুরক্ষা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক ও সুধীজনদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যশোরের মনিহার এলাকায় অবস্থিত আব্দুর রশীদ খান ঠাকুর ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও। তিনি বলেন, শিশুদের নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনসহ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান, শিশু সুরক্ষা কর্মকর্তা শাহনাজ ইসলাম, প্রকল্প কর্মকর্তা সোহান উদ্দিন, শাহানাজ পারভীন, আহ্ছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী সাইফ উদ্দিন, প্রধান শিক্ষক নুর ইসলাম, নুরুল আমিন, ফজলুর রহমান, আব্দুল আলীম মিন্টুসহ স্থানীয় শিক্ষক, সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শিশুশ্রম হ্রাস, শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং শিশুদের সার্বিক বিকাশে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং তাদের শিক্ষা ও বিকাশে সহায়ক ভূমিকা পালনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।