
যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমন ওরফে ‘ভাগ্নে ইমন’কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের চাঁচড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ইমন রায়পাড়া এলাকার খালিদ কাজীর ছেলে। শুক্রবার (১২ জুন) দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতয়ালী থানার পরিদর্শক মমিনুল হক জানান, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর শহরের পুরাতন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোমবাতি ও হেরিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
পুলিশের দাবি, ওই মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং এমন কর্মকাণ্ডে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকালে ইমন ওরফে ভাগ্নে ইমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ আরও জানায়, ভাগ্নে ইমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।