
যশোরের বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে নিয়ে প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে যশোর-মাগুরা মহাসড়কে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সূত্রে জানা যায়, নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডি খবর’ পত্রিকায় গত ৯ আগস্ট ‘প্রধান শিক্ষকের নির্দেশে গণিতের ক্লাস নেন হিন্দুধর্মের শিক্ষক’ এবং ১২ আগস্ট ‘সুভাষের কারণে ধীরে ধীরে বের হচ্ছে মালেকের থলের বিড়াল’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের সত্যতা যাচাই না করে মনগড়া তথ্যের ভিত্তিতে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে উপজেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনগুলোর তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক দাবি করে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া এবং তথ্য যাচাই করা সাংবাদিকতার দায়িত্ব। ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে প্রকাশিত সংবাদগুলোর সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা বর্ষণ হোসেন, বাপ্পি হোসেন, জাকি মোজাহিদ রাফি এবং শিক্ষার্থী মাইশা ইসলাম প্রমুখ।